ইটভাটায় বিসিএস চিকিৎসকের মৃত্যু

ইটভাটায় বিসিএস চিকিৎসকের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরের কালিপুর চৌধুরী বাড়ির ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব (৩৮) কীটনাশক জাতীয় ঔষধ সেবন করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার আমুয়াকান্দি-চর পাথালিয়া এলাকায় তার নিজ ইটভাটায় এ ঘটনা ঘটে।

ডা. রাজিব বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি মতলব দক্ষিণ উপজেলার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বারও পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক আর্থিক ক্ষতির কারণে মানসিক হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট রেখে গেছেন, যেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকজনের নাম উল্লেখ করেছেন, তবে পরিবারকে দায়ী করেননি।

মৃত্যুর পর, তার স্ত্রী ডা. নওরীন বারী কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘আমাদের দুটি অবুঝ সন্তান রয়েছে। হঠাৎ এমন ঘটনায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।’

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুফরাত বিন ফারুক জানান, সকালে রোগীকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন যে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন