পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে জানানো হয়, আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
