ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপিপন্থিদের জয়

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপিপন্থিদের জয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে তারা ১৫টি পদের সবগুলোতেই জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি আইনজীবীরা কোনো পদেই জয়ী হতে পারেননি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা শেষে শুক্রবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়। প্রিজাইডিং অফিসার আবু রেজা ফজলুল হক বাবলু ও সহকারী প্রিজাইডিং অফিসার সাজ্জাদুর রহমান আকন ফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সমিতির আহ্বায়ক (এডহক কমিটি) অ্যাডভোকেট আব্দুল বারি।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর ইমরান আলী পাবেল, সহসম্পাদক পদে সজীব সরকার রোকন ও মোহাম্মদ আসাদুজ্জামান খান।

নির্বাচনে মোট ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে, গত ১৫ এপ্রিল ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও সমিতির আহ্বায়ক প্রফেসর অ্যাডভোকেট আব্দুল বারি স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন