কিশোরগঞ্জের কটিয়াদীতে মায়ের অসুস্থতার খবর শুনে আলতাফ হোসেন শাহীন (৫৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ খবর শোনার পর তার মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে মৃত্যুবরণ করেন জোবায়দা আক্তার মনি (৮০)। এর আগে শনিবার রাতে তার ছেলে শাহীনের মৃত্যু হয়।
আলতাফ উদ্দিন শাহীন কটিয়াদী উপজেলার সহশ্রম-ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামের মৃত মনির উদ্দিনের বড় ছেলে।
শাহীনের ছোট ভাই মোস্তফা কামাল জানান, ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকেই গাজীপুরে বসবাস করতেন শাহীন। সেখানে ব্যবসা করতেন তিনি। বাড়িতে বসবাসরত বৃদ্ধা মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর তিনি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন এবং রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। শাহীনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর রোববার ভোর ৬টার দিকে অসুস্থ মা জোবায়দা আক্তার মনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মোস্তফা কামাল বলেন, ‘আমাদের পরিবারের অভিভাবক বড় ভাই ও মাকে একসঙ্গে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।’
