জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার ও জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া বর্তমান সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
মণি বলেন, যারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো জুলাই সনদের প্রতিটি লাইন বাস্তবায়ন করা। তিনি দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শন হলো দেশের প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা।
তিনি প্রশ্ন করেন, “যদি আপনার ভাই কাজ না পায় এবং প্রতিবেশী না খেয়ে থাকে, তবে সেই রাষ্ট্রের সার্থকতা কোথায়?” মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মণি বলেন, স্বাধীনতার পর একটি বিশেষ শাসনামলে দেশের মানুষের ওপর চরম অত্যাচার চালানো হয়েছিল। তিনি উল্লেখ করেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। গত দেড় দশকে দেশের গণতন্ত্র ও অর্থনীতি আবারও চূর্ণ-বিচূর্ণ করা হয়েছে।
জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বর্তমানে সংসদ সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ ও ১৫৩টি আর্টিকেলের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংবিধান সংশোধন করার বিকল্প নেই।
তিনি জানান, সরকারের প্রতিটি সেক্টরে পরিবর্তনের ছোঁয়া দিয়েছে এবং শিক্ষা, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের গাছকে বড় করার দায়িত্ব সবার।
