আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট

আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট

সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামে সামাল মেম্বারের বাড়িতে এ লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাড়ির মালিক সালাম মেম্বার বলেন, ভোরে আমার বাড়িতে কয়েকজন ডাকাত প্রবেশ করে। এ সময় বাড়ির সবাইকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে একটি রুমে নিয়ে জিম্মি করে। পরে ডাকাতরা ঘরের ভেতর থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এরপর আমরা আশুলিয়া থানা-পুলিশকে খবর দিই।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিন্তু কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা লুট হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের একাধিক টিম দোষীদের আটকের জন্য অভিযান পরিচালনা করছে।

এ সময় তিনি আরও বলেন, এ ঘটনায় দুপুর পর্যন্ত ভুক্তভোগীর পরিবার কোনো অভিযোগ দেয়নি। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন