নোয়াখালীতে বজ্রপাতে তিনজন নিহত

নোয়াখালীতে বজ্রপাতে তিনজন নিহত

নোয়াখালীর তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—কবিরহাট উপজেলার মো. আয়মান (৯), হাতিয়ার আরাফাত (২১) এবং সুবর্ণচরের তানজিলা আক্তার (১৭)।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে তানজিলা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার শেখ মোজাম্মেল সেন্টুর মেয়ে এবং ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে বাড়ির পাশে হাঁটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতবছর দাখিল পরীক্ষায় পুরো সুবর্ণচর উপজেলা থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, তাদের মধ্যে একজন ছিল তানজিলা। চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চরজব্বর থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চর মন্ডলিয়া গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতে মো. আয়মান নামে এক শিশু নিহত হয়। আয়মান ওই এলাকার রফিক মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সোমবার দুপুরের দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরাফাত নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, মায়ের চোখের সামনেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাতিয়া থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন