রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে একটি আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জানা গেছে, সোমবার গভীর রাতে এরশাদ হালদার ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে ভোরে বিশাল আকৃতির এই পাঙাশ মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। বড় এই মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ও স্থানীয়দের ভিড় জমে।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে মাছটি কেনার পর প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৭১ হাজার ২৫০ টাকায় কুষ্টিয়ার পোড়াদহে বিক্রি করেছেন। তিনি জানান, দীর্ঘদিন পর নদীতে এত বড় আকৃতির পাঙাশ মাছ পাওয়া গেছে। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়। বর্তমানে তিনি বেশির ভাগ মাছ অনলাইনে যোগাযোগের মাধ্যমে বিক্রি করে থাকেন।
