গ্রাহকের অনুমতি ছাড়া শেয়ার লেনদেন: এনবিএল সিকিউরিটিজ ও দুই কর্মকর্তা জরিমানা

গ্রাহকের অনুমতি ছাড়া শেয়ার লেনদেন: এনবিএল সিকিউরিটিজ ও দুই কর্মকর্তা জরিমানা

গ্রাহকের অনুমতি ছাড়াই তার অ্যাকাউন্টের শেয়ার কেনাবেচা ও সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ব্রোকার হাউজ এনবিএল সিকিউরিটিজ ও প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মকর্তাকে অর্থদণ্ড দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কমিশন এক আদেশে এই জরিমানা আরোপ করেছে। বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের তথ্য অনুসারে, এনবিএল সিকিউরিটিজ গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ যথাযথভাবে সংরক্ষণ করেনি এবং বিনিয়োগকারীদের অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে।

এসব অপরাধের দায়ে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ টাকা এবং তৎকালীন প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা ও এভিপি ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন