যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো আগের অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়েছে। মার্কিন বাহিনী বর্তমানে যে প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে— সেসবের নাগালের বাইরে রাখা হয়েছে লাঞ্চারগুলোকে। এর প্রধান কারণ মার্কিন ক্ষেপণাস্ত্র থেকে লাঞ্চারগুলোর সুরক্ষা নিশ্চিত করা।
পেন্টাগনের ওই কর্মকর্তা ব্লুমবার্গকে বলেছেন, “বর্তমানে যুদ্ধবিরতি চলছে। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি শেষ হয়ে যায়— তাহলে সেন্টকোম প্রথম ধাক্কাতেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো ধ্বংস করতে চায়। এ কারণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন করেছে কেন্দ্রীয় কমান্ড।”
তবে এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, “আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। ইরানের সার্বিক পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও পর্যালোচনার মধ্যে আছে। এই পর্যবেক্ষণ-পর্যালোচনার ওপর ভিত্তি করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
