অধিনায়ক লিটনের প্রতি কৃতজ্ঞতা জানালেন শামীম

অধিনায়ক লিটনের প্রতি কৃতজ্ঞতা জানালেন শামীম

২০২৫ সালে হঠাৎ করে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। এরপর অধিনায়ক লিটন দাস সরাসরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তাকে না জানিয়েই বাদ দেওয়া হয় শামীমকে। যা নিয়ে ব্যাপক আলোচনা হলে তৃতীয় ম্যাচে আবারও দলে ফেরেন শামীম। এরপর থেকেই দলে নিয়মিত খেলছেন এই মিডল অর্ডার ব্যাটার।

চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন শামীম। শেষ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে লিটনকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন এই ব্যাটার। এমনকি আগেরবার দল থেকে বাদ পড়া ও ফেরার বিষয়ে অধিনায়কের সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেন।

শামীম বলেন, ‘প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেব। একজন অধিনায়ক হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ব্যাক (সমর্থন) করেছেন। সুতরাং আমি ভালো খেলতে পেরেছি, এটা আসলে অনেক ভালো। অধিনায়কেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। লিটন ভাই সবসময়ই ফ্রি (স্বাধীনভাবে) খেলার জন্যই বলেন।’

ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন শামীম। তবে জাতীয় দলে সেই ভূমিকায় তাকে দেখা যায় না বললেই চলে। এ নিয়ে শামীম বলেন, ‘অধিনায়ক তো সবসময় বলে বোলিং করতে। শুধু মাঝেমধ্যে সালাউদ্দিন স্যার বোলিং দেয় না। অধিনায়ক আমাকে সবসময় বলে বোলিং করার জন্য।’

দলের ক্যাম্পে ফিল্ডিং নিয়ে জোর দেওয়ার কথাও জানালেন শামীম, ‘আমরা গত যতগুলো ক্যাম্প করেছি আমাদের অনেক ফিল্ডিং করতে হয়েছে। এমনকি ফিল্ডিং কোচও আমাদের অনেক সময় নিয়ে অনুশীলন করিয়েছেন। সবকিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে।’

আরও পড়ুন