ঢাবির টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাবির টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাসচালক রুবেল। নাসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল শাহবাগ থেকে টিএসসি সড়ক হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসে। সেখানে তারা মিছিল করে এবং ব্যানার প্রদর্শন করে। পরে দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা একটি সাদা গাড়ির চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা পোস্টকে বলেন, রাজু ভাস্কর্যে ছাত্রলীগের মিছিলের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফারহান তানভীর নাসিফ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জেনেছি।

আরও পড়ুন