মুক্তিপণ না পেয়ে অটোরিকশাচালক কিশোরকে হত্যা

মুক্তিপণ না পেয়ে অটোরিকশাচালক কিশোরকে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তিপণ দাবি এবং পরে এক অটোচালক কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রাজিব (১৩) দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে।

শনিবার (২ মে) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার ৯নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দফাদার বাগান এলাকায়, ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করেন স্বজনরা।

শনিবার দুপুরে স্থানীয় লোকজন বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন