চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রান্নাঘরের চুলায় বসানো গরম পানিতে ঝলসে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর হামিম বিন হোসেন (৫) নামের এক শিশু মারা গেছে। শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু হামিম বিন হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মালিপারা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। সম্প্রতি তারা বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করেন। প্রবাসী মোহাম্মদ হোসেনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে হামিম সবার ছোট।
জানা গেছে, গত ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত চুলায় বসানো গরম পানি পড়ে শিশুটির শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৩টায় শিশুটি মারা যায়।
শিশুটির মামাতো ভাই মো. কুতুব উদ্দিন জানান, হামিমের দুর্ঘটনার খবর শুনে তার বাবা মো. হোসেন দুর্ঘটনার পরের দিনই সৌদিআরব থেকে দেশে চলে আসেন। মরদেহ নিয়ে তারা ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে।
