সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মেলা চলাকালে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ঝাঐল গোষ্ঠের মেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কামারখন্দ থানা পুলিশের একটি টিম ঝাঐল শশ্মান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ফড় গুটি দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সেলিম রেজা (৪২), মোহাম্মদ আহের আলী (২৮), মো. জাহিদুল ইসলাম (৩৫), মো. শাহিন প্রামাণিক (৩২) এবং মো. জামাল (২০)। জানা গেছে, তাদের সকলের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়া পূর্বপাড়া এলাকায়।
এ বিষয়ে কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মেলার নামে কোনো ধরনের জুয়া বা অনৈতিক কাজ করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
