চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং এলাকায় ঝড়ো বাতাসে একটি আম গাছ ভেঙে প্রাইভেটকারের উপর পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (৩ মে) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটি রামগড়ের দিকে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, হঠাৎ দমকা হাওয়া শুরু হলে সড়কের পাশের পুরোনো আম গাছটি ভেঙে পড়ে একটি চলন্ত প্রাইভেটকারের উপর। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কেউ আহত হননি। ঘটনার পরপরই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গাছটি সরানোর কাজ চলমান রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা ৪৫ মিনিট) সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মো. হামিদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ঝড়ো বাতাসে চলন্ত একটি কারে একটি শতবর্ষী আম গাছ ভেঙে পড়ে। এতে কেউ আহত হয়নি, তবে গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে গাছটি সড়ক থেকে উদ্ধারের কাজ করছে।
