এসএসসি গণিতে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৪৮৩ শিক্ষার্থী

এসএসসি গণিতে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৪৮৩ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার আবশ্যিক গণিত বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রোববার (৩ মে) অনুষ্ঠিত এ পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ৮৪ জন। এর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৭ হাজার ৬০১ জন শিক্ষার্থী।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ১ হাজার ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজারে ২১৩ জন, রাঙামাটিতে ৯৪ জন, খাগড়াছড়িতে ৯৮ জন এবং বান্দরবানে ৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সব কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অনুপস্থিতির বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কারণগুলো খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন