নওগাঁর বদলগাছীতে নানার সঙ্গে পটল ক্ষেত দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামিম উপজেলার সোহাসা গ্রামের প্রবাসী রাসেলের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তামিম তার নানার সঙ্গে আধাইপুর এলাকায় পটল ক্ষেত দেখতে যায়। সেখানে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামিমের নানা আনিসুর রহমান জানান, তামিম তার সঙ্গে পটল ক্ষেতে গিয়ে সেখানে খেলছিল। তিনি ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করেই সে চিৎকার করে ওঠে। পরে জানতে পারেন তাকে সাপে কামড় দিয়েছে। তারা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মোস্তাকিম জানান, তামিম অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয় ছিল। সে প্রবাসী বাবার একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, সাপের কামড়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
