মরক্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বার্ষিক বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। মার্কিন আফ্রিকা কমান্ড রবিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের খুঁজে বের করতে ইতোমধ্যে ওই এলাকায় একটি বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
আফ্রিকম জানিয়েছে, গত ২ মে আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী টান-টান শহরের নিকটস্থ ক্যাপ দ্রা প্রশিক্ষণ এলাকায় এই ঘটনা ঘটে। মরক্কোর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ দুই সদস্যকে সর্বশেষ একটি পাহাড়ি ঢালের (ক্লিফ) কাছে দেখা গিয়েছিল।
রয়টার্সকে দেওয়া এক ইমেইল বার্তায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানান, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ওই দুই সেনাসদস্য হয়তো পাহাড় থেকে সমুদ্রে পড়ে গিয়েছেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এই ঘটনার সাথে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র নেই। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আফ্রিকান লায়ন নামক এই মহড়াটি ২০০৪ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে। এটি আফ্রিকা মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বার্ষিক যৌথ সামরিক মহড়া। এবারের মহড়াটি এপ্রিল মাসে শুরু হয় এবং এটি মরক্কো ছাড়াও তিউনিসিয়া, ঘানা ও সেনেগালে একযোগে পরিচালিত হচ্ছে। মে মাসের শুরুর দিকেই এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই বহুজাতিক মহড়া আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে এবং বৈশ্বিক সংকটে অংশ গ্রহণকারী দেশগুলোর বাহিনীর প্রস্তুতি ঝালাই করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মহড়ায় সাধারণত যুক্তরাষ্ট্র এবং তাদের প্রধান আফ্রিকান মিত্র দেশগুলোর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশ নিয়ে থাকেন।
