সাতক্ষীরায় আম পাড়া শুরু, সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের

সাতক্ষীরায় আম পাড়া শুরু, সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্ধারিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী জেলায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার একটি আম বাগানে আম পাড়ার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এর মধ্য দিয়ে শুরু হলো সাতক্ষীরার সুস্বাদু আমের বাণিজ্যিক বিপণন।

জেলায় মাটির গুণাগুণ ও অনুকূল আবহাওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সাতক্ষীরার আম দ্রুত পরিপক্ক হয়। নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রথম দিনেই গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাস ও স্থানীয় জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের বাম্পার ফলন হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

তবে উৎসবমুখর এই আম সংগ্রহের মাঝেও সাধারণ চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে এক ধরণের শঙ্কা। চাষীদের অভিযোগ, জেলায় আম বিক্রির জন্য পর্যাপ্ত স্থায়ী বাজার না থাকায় তারা নির্দিষ্ট একটি বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এই সুযোগে একটি শক্তিশালী সিন্ডিকেট আমের বাজার নিয়ন্ত্রণ করছে, যার ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার ভয় পাচ্ছেন তারা। চাষীদের দাবি, চাষীদের স্বার্থ রক্ষায় অবিলম্বে জেলায় অস্থায়ী আমের হাট বাড়ানো এবং সিন্ডিকেট দমনে প্রশাসনের দৃশ্যমান ভূমিকা প্রয়োজন।

এদিকে আম চাষীদের শঙ্কা নিরসনে কঠোর অবস্থানে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল জানান, বাজার সিন্ডিকেট ভেঙে দিতে এবং ওজনে কারচুপি রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একইসঙ্গে বেশি লাভের আশায় কোনোভাবেই যেন অপরিপক্ক আম বাজারজাত করা না হয়, সে বিষয়ে চাষী ও আড়তদারদের সতর্ক করেন তিনি।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ছোট-বড় ৫ হাজার ৩৫০টি আম বাগানে মোট ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এই আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন