ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, তেহরানের কড়া জবাব

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, তেহরানের কড়া জবাব

চলমান যুদ্ধবিরতির নাজুক অবস্থায় ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি টালমাটাল অবস্থায়। হরমুজ প্রণালিতে উভয় দেশ পরস্পরের উপর হামলা চালিয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত যুদ্ধে লিপ্ত হলে কাদাভূমিতে তলিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা বলেন।

হরমুজ প্রণালি খুলে দেয়ার ব্যাপারে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান সামরিক শক্তি দিয়ে হয় না। তিনি ট্রাম্পের হরমুজ থেকে অবরুদ্ধ জাহাজ উদ্ধারের অভিযান, প্রজেক্ট ফ্রিডমকে ‘প্রজেক্ট ডেডলক’ বলে আখ্যা দেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

সোমবার আরব আমিরাতের ফুজাইরাহতে একটি তেল উৎপাদন কেন্দ্রে হামলা হয়। যুদ্ধবিরতির প্রায় এক মাস হবার পর এই প্রথম কোনো দেশে হামলার ঘটনা ঘটলো। যদিও ইরানের সামরিক কর্মকর্তা এই হামলার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি উদ্ধারকারী জাহাজে হামলা চালানো হয় তাহলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে ফেলা হবে। আটকে থাকা জাহাজ উদ্ধার অপারেশন চালানোর ঘোষণা দেয়ার একদিন পর ফক্স নিউজকে এ কথা বলেন ট্রাম্প।

একই সাথে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প দাবি করেন, প্রজেক্ট ফ্রিডমের অধীনে পার হওয়ার সময় ইরান বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছে। আক্রান্ত জাহাজগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি কার্গো রয়েছে। এ ঘটনার পর তিনি দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশনে যুক্ত হবার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ৭টি ইরানি বোটকে নিষ্ক্রিয় করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন