পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশ ব্যাকের মতো ঘটনা যেন না হয় সে জন্য সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, অনলাইন জুয়া এবং মাদক নিয়ন্ত্রণ সরকারের প্রথম অগ্রাধিকার। অনলাইন ও প্রযুক্তি নির্ভর জুয়া বন্ধে আইন করা হবে। জাতীয় নির্বাচনকে ঘিরে যেসব লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা নেওয়া হয়েছিল তা যাচাই বাছাই শেষে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়ার কথাও জানান। বলেন, এবার সড়ক বা রেল লাইনের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের সময় করা হত্যাসহ সকল রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে আগামী এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার তথ্যও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
