চতুর্থ এস-৪০০ রেজিমেন্ট পেল ভারত, শেষ রেজিমেন্ট আসছে চলতি বছর

চতুর্থ এস-৪০০ রেজিমেন্ট পেল ভারত, শেষ রেজিমেন্ট আসছে চলতি বছর

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের চতুর্থ রেজিমেন্ট গ্রহণ করেছে ভারতের বিমান বাহিনী। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের এপ্রিল মাসের শেষের দিকে এই সিস্টেম হস্তান্তর করা হয়েছে। পঞ্চম ও সর্বশেষ রেজিমেন্টটি ২০২৬ সালের শেষ নাগাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৮ সালের অক্টোবরে ভারত ৫.৪৩ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় পাঁচটি এস-৪০০ রেজিমেন্ট ক্রয় করে। এর মধ্যে তিনটি আগেই সরবরাহ করেছিল রাশিয়া। চলতি বছর মার্চ মাসে ভারতের প্রতিরক্ষা দপ্তর আরও ৫টি অতিরিক্ত এস-৪০০ রেজিমেন্ট ক্রয়ের প্রাথমিক অনুমোদন দেয়, যার মূল্য প্রায় ৬.১ বিলিয়ন ডলার।

২০২৬ সালের শুরুতে ভারতের প্রতিরক্ষা দপ্তর এস-৪০০ সিস্টেমের জন্য ২৮৮টি ইন্টারসেপ্টর মিসাইল ক্রয়ের অনুমোদন দেয়, যার আনুমানিক মূল্য ১ বিলিয়ন ডলার। এর মধ্যে ১২০টি শর্ট রেঞ্জ ও ১৬৮টি লং রেঞ্জের মিসাইল রয়েছে।

এস-৪০০ বিশ্বের অন্যতম আধুনিক মোবাইল সারফেস-টু-এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। প্রতিটি রেজিমেন্টে দুটি ব্যাটালিয়ন থাকে, যার প্রতিটিতে আটটি লঞ্চার, রাডার, কমান্ড সেন্টার ও রিলোডিং যান রয়েছে। ভারত আগামী ২০৩০ সালের মধ্যে ২০টি ব্যাটালিয়ন অপারেট করবে।

এই সিস্টেম একযোগে ৩৬টি লক্ষ্য শনাক্ত করে ৭২টি ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করতে পারে। বর্তমানে রাশিয়া, ভারত, চীন ও তুরস্ক এস-৪০০ ব্যবহার করছে। ভারত এই সিস্টেমের নাম দিয়েছে ‘সুদর্শন চক্র’।

২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে তিন দিনের যুদ্ধ পরিস্থিতিতে প্রথমবারের মতো রাশিয়ার বাইরে এই সিস্টেমের কার্যকর ব্যবহার হয়। ভারত দাবি করে, পাকিস্তানের হাতেহ-১/২ ব্যালিস্টিক মিসাইল আকাশেই ইন্টারসেপ্ট করা হয়।

আরও পড়ুন