মেহেরপুর শহরের শেখপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সামনেই গোলাম হোসেন (৪৬) নামের এক রিক্সাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার রেহেসান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মে রিক্সার ধাক্কায় প্রতিবেশী বন্যা খাতুনের বাড়ির প্রাচীর ভেঙে যাওয়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। গোলাম হোসেন পরদিন প্রাচীরটি মেরামত করে দিলেও টিনের ফটক লাগানো নিয়ে নতুন করে বিবাদ শুরু হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গোলাম হোসেন রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হলে বন্যা খাতুন তার পথরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে বন্যা গোলামের খালাতো ভাই সামিরুল ইসলাম কালুকে ডেকে আনেন। একপর্যায়ে কালু ধারালো হাসুয়া দিয়ে গোলাম হোসেনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। স্বামীর ওপর এমন হামলা দেখে স্ত্রী আলেয়া খাতুন ও প্রতিবেশীরা চিৎকার করে ছুটে এলে হামলাকারী পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আলেয়া খাতুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্যার ডাকে সাড়া দিয়ে কালু তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। তিনি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
