নির্বাচন কমিশন (ইসি) দেশের সব পর্যায়ের নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ এবং কার্যকর করার জন্য ‘ইলেকশন শিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ সফটওয়্যার চালু করেছে। এই সফটওয়ারের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচনের সব তথ্য ইনপুট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠ কর্মকর্তাদের এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল সময়মতো ঘোষণার সুবিধার্থে এই সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে।
ইএমএস সফটওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচনের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, নির্বাচিত প্রতিনিধিদের শপথ ও প্রথম সভার তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকবে। এছাড়া, ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকার হালনাগাদ তথ্য এবং নির্বাচনি মামলা সংক্রান্ত বিষয়গুলোও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
ইসি জানায়, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ এলাকার তথ্য এ সফটওয়্যারে এন্ট্রি করার দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের এই কর্মকর্তাদের আগামী ১৫ মে’র মধ্যে সব প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে হবে।
এ পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রিয়ভাবে সব নির্বাচনের সময়সীমা ও আইনি বাধ্যবাধকতা তদারকি করা সহজ হবে এবং যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভব হবে। কমিশন জানায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
