২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির মেয়াদ বাড়ছে: ব্রাজিল ফুটবল ফেডারেশন

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির মেয়াদ বাড়ছে: ব্রাজিল ফুটবল ফেডারেশন

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়াতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সংস্থাটি।

ইতালিয়ান কিংবদন্তি আনচেলত্তি গত বছর ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

৬৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির সাবেক এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে সিবিএফ-এর সঙ্গে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল।

সিবিএফ সভাপতি সামির জাউদ বৃহস্পতিবার জানিয়েছেন যে, বিশ্বকাপের আগেই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে বলে তিনি ‘নিশ্চিত’। ফর্তালেজায় অনুষ্ঠিত ‘ফুটপ্রো এক্সপো’ কনফারেন্সে কথা বলার সময় জাউদ জানান, সিবিএফ এবং আনচেলত্তির আইনজীবীরা নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন।

চলতি বছরের বিশ্বকাপের পরও নিজের পদে বহাল থাকার ইচ্ছা আনচেলত্তি বারবারই প্রকাশ করেছেন।

আগামী ১৮ মে রিও ডি জেনেইরোতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে তার। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করবে ব্রাজিল দল।

উল্লেখ্য, বিশ্বকাপের সময় ব্রাজিল দল নিউ জার্সিতে অবস্থান করবে। গ্রুপ ‘সি’-তে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

আরও পড়ুন