মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার (১০ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জলদাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি রাণী দাস। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালে তার মৃত্যু হয়। কিশোরীর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন