মালয়েশিয়ায় সড়ক ও নির্মাণ দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক ও নির্মাণ দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় পৃথক তিনটি দুর্ঘটনায় জমির শেখ, জাফর আলম ও ফজলুর রহমান নামে তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। কুয়ালালামপুরের অদূরে কেলাং এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, ডিংকেলে নির্মাণ দুর্ঘটনা এবং সারওয়াক রাজ্যে লরির ধাক্কায় এ প্রাণহানি ঘটে।

জাফর আলম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ডিংকেল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সহকর্মীরা জানান। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হাজীরপাড়া ইউনিয়নের টাইংগাকাটা এলাকায়।

গত শুক্রবার বিকেলে কেলাং মহাসড়কে একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে সড়কের মাঝখানে থেমে যায়। এ সময় সেটিকে সহায়তা করতে আরও একটি লরি ও একটি পিকআপ ভ্যান থামে। পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়, যার মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক (জমির শেখ) ও একজন স্থানীয় নাগরিক। আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণেই এই সংঘর্ষ ঘটেছে। নিহত জমির শেখের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরে।

অপরদিকে, সারাওয়াক প্রদেশের বিনতাংর এলাকার মেরাদং-এ লরির ধাক্কায় মো. ফজলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হন। মেরাডং জেলা পুলিশ প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট তানস্লী মেরিং জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লরিটি আসার সময় নিহত ব্যক্তি হঠাৎ বাম পাশ থেকে রাস্তা পার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। লরিচালক দূরত্ব খুব কম থাকায় দুর্ঘটনা এড়াতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য সারিকাই হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ দূতাবাসকে ঘটনা জানানো হয়েছে।

আরও পড়ুন