রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্যত্র সরিয়ে নেয়া এবং সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং তারা এই অভিজ্ঞতা আবারও পুনরাবৃত্তি করতে প্রস্তুত। তিনি বলেন, সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষই তখন ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছিল।
তবে পরে যুক্তরাষ্ট্র তার অবস্থান কঠোর করে এবং দাবি করে যে, ইউরেনিয়াম শুধু যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পর ইরানও তার অবস্থান কঠোর করে বলে জানান তিনি। পুতিন আরও বলেন, ওয়াশিংটন এবং তেহরান দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রাখবে মস্কো এবং তিনি আশা করেন এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
