চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। একইসঙ্গে অপর ৪ মামলার জামিন আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, গত ৭ মে হত্যাসহ পৃথক ৫টি মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ১০ মে দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন মঞ্জুরের পর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে এই ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
