কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ নেই: হুমায়ুন কবীর

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ নেই: হুমায়ুন কবীর

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, যদি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, তবে মনে রাখবেন বাংলাদেশের মানুষ বা সরকার-কেউই কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা প্রয়োজন, সেখানে আমরা অবশ্যই কথা বলব।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্দেশ্যে আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের নির্দেশও দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার প্রাথমিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা হুমায়ুন কবীর বাংলাদেশের এই অবস্থান ব্যক্ত করেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি (শেখ হাসিনা) সে দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চীন সফরে যেতে পারেন, তবে তারেক রহমানের সেখানে যেতে কোনো সমস্যা থাকার কথা নয়। এটি একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর দিয়ে উপদেষ্টা জানান, চীনের সঙ্গে এই প্রকল্পের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়নের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন