পাকিস্তানে বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭, আহত ২৩

পাকিস্তানে বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭, আহত ২৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সেরাই নওরং এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, বিস্ফোরণের প্রকৃতি এখনও নিশ্চিত নয়। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা ছিল, নাকি আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছেন।

নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে বান্নুর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরী ও এক নারী রয়েছেন বলে জানান তিনি।

পুলিশ জানায়, ব্যস্ত ওই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কটি বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর নওরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের নেতৃত্বে বড় একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে।

এর আগে রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাহদাব খান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি সাধারণ মানুষকে উদ্ধারকাজে সহযোগিতা করতে এবং বিস্ফোরণস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, এর কয়েকদিন আগে শনিবার রাতে বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।

আরও পড়ুন