বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ২৯টি খাল ও ছোট নদী প্রাথমিক ও চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে এই পরিকল্পনার আওতায় নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগের অধীনে মোট প্রায় ১৭৩ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এই তথ্য জানান। এদিন দুপুরে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ জেলার প্রায় ১১ লাখ ৪৯ হাজার জন মানুষ সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হবেন। বিশেষ করে কৃষি, মৎস্য, পানি নিষ্কাশন ও পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার নলখালী খান ও বাগডোমারী, আড়াইহাজার উপজেলার রামচন্দ্র খাল, বন্দর উপজেলার ত্রিবেনী খাল, আবেক অক্ষনদী ও নোয়াদ্দা খালের খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে। বাকী খালগুলোতেও কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বনায়ন নিয়েও পলিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ব্যাপারেও কাজ শুরু হবে।
