জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে ছয় দফা প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচিত হলে পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে তিনি জাতিসংঘের সনদ সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সময় বুধবার (১৩ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে খলিলুর রহমান ছয়টি বিষয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শান্তিরক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ঘাটতি কমানো এবং জলবায়ু পরিবর্তনের জরুরি হুমকি মোকাবিলা।
উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসইকরণ এবং চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করার বিষয়ও উল্লেখ করেন তিনি। সভাপতি নির্বাচিত হলে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ক্ষয়ক্ষতি’ তহবিল এগিয়ে নেওয়া এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করবেন বলে জানান।
রোহিঙ্গা সংকট নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে খলিলুর রহমান মানবাধিকার ব্যবস্থা সমুন্নত রাখা, মানবিক পরিসর রক্ষা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সমর্থনের ওপর জোর দেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের বিচক্ষণ ও ন্যায়সংগত শাসন এবং জাতিসংঘের সংস্কারের বিষয়টিও গুরুত্ব পায় তার বক্তব্যে।
সূচনা বক্তব্যের পর প্রায় দুই ঘণ্টা টানা প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের জবাব দেন খলিলুর রহমান।
