আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত অফিস ছুটি এক দিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ছুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের জন্য প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারঘোষিত ছুটির (২৫ থেকে ৩১ মে) সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ইতিপূর্বে ঘোষিত ২৪ থেকে ৩০ মের ছুটির সঙ্গে ৩১ মে এক দিন অফিস ছুটি বর্ধিত করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, শিক্ষার্থীরা এক মাসের ছুটি পাচ্ছেন। এর মধ্যে ঈদুল আজহা ছাড়াও গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ২১ মে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়ে চলবে ২১ জুন পর্যন্ত। ছুটি শেষে ২২ জুন থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
