ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই এলাকার শফিকুল রহমানের মেয়ে।
পরিবারের স্বজন ও পুলিশ জানায়, বুধবার দুপুর থেকে লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। সকালে স্থানীয়রা বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশি মোরসালিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
