ভারতের উত্তর প্রদেশে বুধবার (১৩ মে) প্রবল ঝড় ও বৃষ্টিতে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। এ সময় একজন ব্যক্তিকে টিনের চালাসহ প্রায় ৫০ ফুট উড়ে যেতে দেখা যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেরেলি জেলার ভামোরা থানার বামিয়ানা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি নানহে মিয়ান জানিয়েছেন, ঝড়ের সময় তিনি একটি দড়ি ধরে ছিলেন, কিন্তু প্রবল বাতাসে দড়িটি ছিঁড়ে গেলে তিনি আকাশে উড়ে যান এবং পরে গুরুতর আহত অবস্থায় পড়েন।
হাসপাতালে চিকিৎসার পর নানহে বলেন, ‘আমি ৩০-৪০ ফুট ওপরে উঠে গিয়েছিলাম। কোথায় পড়ে গেছি বুঝতেই পারিনি।’ তার হাত ও পায়ে হাড় ভেঙেছে।
ঝড়-বৃষ্টিতে অযোধ্যা, বারাণসী এবং গাজ়িয়াবাদসহ ৩০টি জেলার ক্ষতি হয়েছে। কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় এবং ভারী বৃষ্টি হয়েছে। প্রয়াগরাজে সবচেয়ে বেশি ১৭ জন মারা গেছেন। উদ্ধারকাজ চলমান রয়েছে।
