২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ই জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৬ই ফেব্রুয়ারি। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ই জুন শুরু হয়ে শেষ হবে ১৩ই জুলাই।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের প্রস্তুতি ও সেশনের জটিলতা এড়াতে সঠিক সময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, ৭ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষা পিছিয়ে এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ পায়। তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে。
