প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়। আজ থেকে আমাদের কাজ হবে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, পরিকল্পনা গ্রহণ করতে চাই যা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যার বাস্তবায়নে দেশ এগিয়ে যাবে ও মানুষের ভাগ্য পরিবর্তন হবে। খাল খনন প্রসঙ্গে তিনি বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল শুরু করে গিয়েছিলেন, তার পুনর্খননের এ অনুষ্ঠান। আসুন আমরা দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করি।
বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছি, আগামীতে সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করব। তিনি বলেন, আমরা সবাই বলি— জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তিই আমাদের শক্তি।
দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজ এ খাল কাটা অনুষ্ঠানে আমাদের প্রতিজ্ঞা হোক— ‘আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।’ তিনি বলেন, আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়। আপনাদের প্রতি নির্বাচনপূর্ব ওয়াদা এক এক করে বাস্তবায়ন শুরু করছি। ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষকদের কৃষি কার্ড প্রদান কর্মসূচি শুরু করেছি।
তারেক রহমান বলেন, কৃষকদের ভাগ্যোন্নয়ন ও দেশের খাদ্য সংকট নিরসন এবং অর্থনীতিতে বিপ্লব ঘটাতে সমগ্র দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনর্খননস্থলে পৌঁছে ফলক উন্মোচন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন তিনি। পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।
খোর্দ্দ খালটি ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খনন করেছিলেন। ১৩ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ডাকাতিয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে। তৎকালীন সময়ে এ খালের পানি দিয়ে কৃষকরা সোনালী ফসল ফলাতো। দীর্ঘ ৪২ বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খালটি পুনর্খনন কাজ শুরু করায় এলাকার কৃষকরা খুশি।
