সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর ফলে মোট ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখলেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু মানবজমিনকে বলেন, আপীল বিভাগের চেম্বার আদালত আইভীর জামিন বহাল রাখায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। এর আগে গত ১০ই মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, গত বছরের ৯ই নভেম্বর আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ৫টি আবেদন করেছিল। ওই আবেদনগুলো গতকাল খারিজ করেছেন আপিল বিভাগ। এ ছাড়া আরও ৫টি মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেয়া আদেশও বাতিল করা হয়েছে। এর ফলে মোট ১০টি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন কার্যকর থাকছে।
উল্লেখ্য, পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত বছরের ৯ই মে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরে তাকে আরও ৯টি ফৌজদারি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ই নভেম্বর এবং চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি হাইকোর্ট এই ১০টি মামলাতেই আইভীকে জামিন দেন হাইকোর্ট।
অতপর, গত ২৬শে ফেব্রুয়ারি হাইকোর্ট ৫টি মামলায় জামিন দেয়ার পরপরই আইভীকে নতুন করে আরও ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সেলিম মণ্ডল ও আবদুস সালাম হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দুটি করা হয়েছিল। গত ৩০শে এপ্রিল হাইকোর্ট ওই দুটি মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি পৃথক দুটি রুল জারি করেন। পরে এই দুই মামলার জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরই প্রেক্ষিতে দুটি মামলায় আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার মুক্তিতে আর বাধা নেই।
