৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে খালাস দিয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাগারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনের কর কর্মকর্তাদের দাবি ছিল ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন বসবাস করেছিলেন, যা কর দেওয়ার জন্য ন্যূনতম সময়সীমা। তবে আদালত রায়ে জানিয়েছে, কর কর্তৃপক্ষ তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন, যা নির্ধারিত সময়সীমা থেকে ২০ দিন কম। ফলে তার ওপর আরোপিত জরিমানাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। ফেরতের অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আট বছর আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছে। আমি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি, যার প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপর পড়েছে।’

তার কথায়, ‘এখানে কোনো কর ফাঁকি দেওয়া হয়নি এবং প্রশাসন নিজেও কখনো তা প্রমাণ করতে পারেনি। কারণ পুরো বিষয়টিই ছিল সাজানো। প্রায় এক দশক ধরে আমার সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ব্যবহার করা হয়েছিল।’

আরও পড়ুন