ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবে, কমিটমেন্ট দিয়েছেন তারেক রহমান: বিমানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবে, কমিটমেন্ট দিয়েছেন তারেক রহমান: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে বেরিয়ে আসার পর এখন নিজেদের ইচ্ছা প্রকাশ করতে পারছেন তারা। সবকিছুর মূলেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বেই বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শীবগঞ্জ এলাকার সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দরে এক সংবর্ধনায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও এসে এয়ারপোর্ট নির্মাণের যে কমিটমেন্ট দিয়েছেন, সেখানে আর কোনো প্রশ্ন নেই। তাই আজ তারা সেখানে এসেছেন।

তিনি আরও বলেন, তিন মাসের সরকারের মধ্যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছেন। পর্যায়ক্রমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তাদের একটাই লক্ষ্য—প্রধানমন্ত্রীকে অনুসরণ করা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা যেন এমন কোনো কাজ না করেন যাতে দলের সুনাম নষ্ট হয়। দলের অনেক কষ্টের ইতিহাস আছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার কাজ করতে হবে।

ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, যে স্বপ্ন তারা দেখছেন—এখানে এয়ারপোর্ট হবে, ইনশাল্লাহ তা হবে। তবে ধৈর্য ধরতে হবে। স্থায়ী বন্দোবস্তের জন্য কাজ করা হবে। একজন প্রবাসী ভাই বলেছেন, এয়ারপোর্ট হলে তিনি ছয় মাস পর পর দেশে আসবেন। এটাও আনন্দের বিষয়।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই ওয়াদা রক্ষার জন্য দোয়া চান। যত দ্রুত সম্ভব এয়ারপোর্ট চালুর জন্য রাত-দিন কাজ করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন