সোলার প্যানেলে কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

সোলার প্যানেলে কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) নগরীতে এ কর্মসূচির আয়োজন করে আইএসডিই বাংলাদেশ, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট চট্টগ্রাম, ক্লিন এবং বিডব্লিউজিইডি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে থাকা ‘ভাই, ট্যাক্স সরান, সোলার প্যানেল কিনবো’ এমন দাবি সংবলিত ব্যানার সবার দৃষ্টি আকর্ষণ করে। বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্র হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি বেড়েই চলেছে। এর মধ্যে আবারও প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে রুফটপ সোলার হতে পারে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান। কিন্তু সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর উচ্চ আমদানি শুল্ক ও কর থাকায় এসব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে আগ্রহ থাকা সত্ত্বেও মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সোলার প্রযুক্তি ব্যবহার করতে পারছেন না।

বক্তারা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সব যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ ও সহজ ঋণসুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সংপ্তকের পরিচালক অগ্রদূত দাশগুপ্ত, অধিকার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক গোলাম সরওয়ার, অ্যাডভোকেট প্রণব কুমার বিশ্বাস, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, আইএসডিইর কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, আবদুল মান্নান জিহাদ, পরিবেশকর্মী ফয়েজ উদ্দীন, করিমুল ইসলাম, লাবিবা তাবাসসুম ও প্রতিভা চাকমাসহ আরও অনেকে।

কর্মসূচিতে পরিবেশকর্মী, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

আরও পড়ুন