যুক্তরাষ্ট্রের ওহাইওর টলেডোতে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) পুলিশ এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুলিবিদ্ধদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। দুই বন্দুকধারী একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ড্যান গারকেন বলেন, ‘আমি এ ধরনের ঘটনা অনেক প্রত্যক্ষ করেছি। তবে এটি ছিল সবচেয়ে বাজে।’
পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান জানান, ঘটনার তদন্তে পুলিশ নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজনদের খুঁজে বের করতে তল্লাশি অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে কিছু প্রমাণ আছে এবং আমরা কিছু সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছি।’
গারকেন বলেন, তদন্তকারীরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন। টলেডোর জননিরাপত্তা পরিচালক জর্জ ক্রাল সন্দেহভাজনদের খুঁজে পেতে যেকোনো ফুটেজ দিয়ে পুলিশকে সহায়তায় জনসাধারণের প্রতি আহ্বান জানান।
টলেডো পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিকেল ৫টা ৩৭ মিনিটে পুলিশ পাঠানো হয়। বেশ কয়েকজন হতাহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্রাল বলেন, অনুষ্ঠানটিতে কয়েকশ লোক উপস্থিত ছিলেন। এটি টলেডোর অন্যতম বড় উৎসব। এমন ঘটনা পুরো আয়োজনের সৌন্দর্য নষ্ট করেছে। এটি খুবই দুঃখজনক।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, টলেডোর ঘটনা ছাড়াও চলতি বছরে যুক্তরাষ্ট্রে ১৭১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গোলাগুলির কোনো ঘটনায় হামলাকারী ছাড়া অন্তত চারজন আহত হলে সেটিকে বন্দুক হামলা হিসেবে বিবেচনা করে ওয়েবসাইটটি।
