পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। গুলিতে নিহত হোসেন আলী (৫৫) এবং ছুরিকাঘাতে নিহত মনিরুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে রাখতে গিয়েছিলেন হোসেন আলী। সেখানে আগে থেকে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে বিকেলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে বিকেলে বাস টার্মিনাল এলাকায় রাকিব নামের এক তরুণের সঙ্গে মনিরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করেন রাকিব। আশপাশের লোকজন এগিয়ে এলে রাকিব দৌড়ে গিয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবকে আটক করে।
ছুরিকাঘাতে গুরুতর আহত মনিরুলকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি হত্যাকাণ্ডেরই প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
