অবৈধ দখলে থাকা খাল পুনরুদ্ধারের অভিযান শুরু

অবৈধ দখলে থাকা খাল পুনরুদ্ধারের অভিযান শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা খাল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার বরপা এলাকায় এ খাল উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পাউবোর নারায়ণগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বরপা এলাকার মজুমদার গ্রুপ, এএসবিআরএম স্টিল মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তির দখলে থাকা খালের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ সময় খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

সরকারের এ সংস্থাটি জানায়, রূপগঞ্জে তাদের আওতাধীন প্রায় ১৩ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৭ কিলোমিটার অংশ ১২টি বড় শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে উপজেলার অন্তত ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ বলেছেন, রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে ব্যাপক জলাবদ্ধতা। সরকারি নির্দেশনা অনুযায়ী দখলকৃত খাল পুনরুদ্ধারে এ অভিযান শুরু করা হয়েছে এবং সম্পূর্ণ খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, রূপগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান বলেন, সরকারের চলমান খাল ও জলাধার পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জে এই অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন