নাসির ও তামিমার বিরুদ্ধে রায় ঘোষণা বুধবার

নাসির ও তামিমার বিরুদ্ধে রায় ঘোষণা বুধবার

ডিভোর্স ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার (১০ জুন) দিন নির্ধারণ করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করবেন। গত ৬ মে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে আদালত রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।

শুনানিতে বাদীপক্ষ সর্বোচ্চ সাজা দেওয়ার প্রার্থনা করে, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা নির্দোষ দাবি করে খালাসের জন্য আবেদন করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয় এবং তাদের একটি আট বছরের মেয়ে রয়েছে।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে রাকিব বিষয়টি জানতে পারেন। অভিযোগে বলা হয়েছে, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় তাম্মি নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।

রাকিবের মানসিক বিপর্যয়ের কারণ হিসেবে আসামিদের কার্যকলাপ উল্লেখ করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৪৯৭, ৫০০ এবং ৩৪ ধারায় আবেদন করা হয়েছে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে প্রতিবেদনে জমা দেন। পরবর্তীকালে, ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলাটির অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে।

আরও পড়ুন