মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ভুয়া খবরের প্রতিবাদে আইনি হুঁশিয়ারি

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ভুয়া খবরের প্রতিবাদে আইনি হুঁশিয়ারি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি বনগাঁকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া খবরের প্রতিবাদ করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, বনগাঁ আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে এবং তাকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে।

মিমি এসব প্রতিবেদনকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ বলে উড়িয়ে দিয়ে সোমবার (৮ জুন) সংবাদমাধ্যমের উদ্দেশে একটি আইনি বিবৃতি পাঠিয়েছেন। তিনি জানান, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপের খবর নেই এবং আদতে কোনো এফআইআরও দায়ের করা হয়নি।

মিমি তার বিবৃতিতে বেশ কিছু সংবাদ পোর্টালকে অভিযুক্ত করেছেন। তিনি জানান, ৬ জুন প্রকাশিত প্রতিবেদনে অভিযোগকারী তনয় শাস্ত্রীর বয়ানের ভিত্তিতে তার বিরুদ্ধে চার্জশিটের দাবি করা হয়েছে।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মিমি বলেন, এটি দুর্ভাগ্যজনক যে সংবাদমাধ্যমগুলো তথ্যের সত্যতা যাচাই না করেই খবর প্রকাশ করেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

মিমি চক্রবর্তী হুঁশিয়ারি দেন, যদি এই ভুয়া খবর বন্ধ না হয়, তবে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তিনি জানান, তার বিরুদ্ধে বনগাঁ আদালতে কোনো চার্জশিট নেই এবং এই সময় পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই।

ভবিষ্যতে এমন ভুয়া খবর না ছড়ানোর জন্য সংবাদমাধ্যমকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা খবর প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন