সিলেটে চিকিৎসকের ওপর হামলা, আহত ৩

সিলেটে চিকিৎসকের ওপর হামলা, আহত ৩

সিলেটে চাঁদা দাবির কারণে এক চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেলের চিকিৎসক অধ্যাপক ডা. আজিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন সোনাতলা সবুজ-১ এলাকায় এ ঘটনা ঘটে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় অধ্যাপক ডা. আজিজুর রহমান, তার বড় ভাই মোবারক হোসেন ফাত্তাহ এবং ভাবি দেওয়ান মমুনুন হাছান গুরুতর আহত হন। দেওয়ান মমুনুন হাছান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সোনাতলা রায়নগর এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে বেলাল আহমদ (৫০), তার ছেলে রাইয়ান (১৯), পূর্ব শাহী ঈদগাহ এলাকার ওসমান মিয়ার দুই ছেলে লায়েক আহমদ (৪৫) ও সায়েম আহমদ (৩৫), মেয়ে পান্না বেগম (৩৭) এবং স্ত্রী লুৎফা বেগম (৫৮)। এছাড়াও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা বিগত সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজ। অধ্যাপক ডা. আজিজুর রহমান ওই এলাকায় ১৭ শতক জমি ক্রয় করার পর থেকেই আসামিরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। গত ৬ জুন দুপুরে বেলাল, রাইয়ান ও লায়েক তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

হামলার দিন, অধ্যাপক ডা. আজিজ নামাজ আদায় শেষে চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলে হামলাকারীরা ছুরি, কিরিচ, রামদা, লোহা রড ও পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে এসে মোবারক হোসেন ফাত্তাহও গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন