কিশোরগঞ্জের হোসেনপুরে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ এবং একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত রনি (২৮) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী এলাকার ইসমত আলীর ছেলে। আহত আসিবকে (২০) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন ব্যবসায়ীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার পুমদী ইউনিয়নের ডাহোড়া এলাকায় তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার সামনে সড়কের পাশ থেকে রনির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে তিন মাছ ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডাহোড়া গোলপুকুরপাড় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজনকেই গুরুতর জখম করা হয়। হামলাকারীরা মাছবোঝাই পিকআপ ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনির লাশ উদ্ধার করে।
হোসেনপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে হামলার প্রকৃত কারণ জানা যাবে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে। হামলা ও লুটপাটে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রযুক্তির সহায়তায় তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
